সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব: ডা. জাহিদ হোসেন


মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বাল্যবিবাহ নির্মূল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এজন্য সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ (UNFPA) এবং ইউনিসেফের (UNICEF) যৌথ অংশীদারিত্বে আয়োজিত ‘Inter-Ministerial Dialogue and Workshop on the National Plan of Action to End Child Marriage’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, সকল মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সেই লক্ষ্য নিয়েই প্রতিটি মন্ত্রণালয় পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নে কাজ করে। এক্ষেত্রে সকল মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে বর্তমান বরাদ্দ ও অর্থ দিয়ে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, সুশীল সমাজ, এনজিও এবং উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সিদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও জানান, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে, যেখানে প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সি ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে এবং এসব ক্লাব বাল্যবিবাহ নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ক্লাবের প্রচেষ্টায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৫২৯৫ টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএ-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Catherine Breen Kamkong এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি Emmanuelle Abrioux। উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।




