মিমির আগে আরও একবার বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, প্রকাশ্যে প্রথম স্ত্রীর পরিচয়


অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার স্বামী সিদ্ধার্থ দত্তকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সামনে এসেছে তার আগের বিয়ের তথ্য। জানা গেছে, মিমিকে বিয়ে করার আগে আরও একবার সংসার পেতেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন সিদ্ধার্থ দত্ত। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর নিজের ঘনিষ্ঠ বান্ধবী আঁখি নাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাদের বিয়ের বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। বাঙালি রীতিতে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ভিডিওতে সমুদ্রের পাড়ে চলচ্চিত্রের দৃশ্যের মতো প্রেম নিবেদন থেকে শুরু করে বিয়ের নানা আয়োজনের ঝলক দেখা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিদ্ধার্থের প্রথম স্ত্রী আঁখি নাথের একটি বুটিক রয়েছে। সেখানে মূলত বিয়ের পোশাক ও কনের সাজের সংগ্রহ নিয়ে কাজ করেন তিনি।
তবে সিদ্ধার্থ ও আঁখির দাম্পত্য সম্পর্ক কেন ভেঙে যায়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্তের বিয়ে হয়েছে ২৬ নভেম্বর সন্ধ্যায়। দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন মিমি। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালেই রেখেছেন অভিনেত্রী।
বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের কালিম্পংয়ে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠান। সব আয়োজন শেষে ১১ ডিসেম্বর কলকাতায় টালিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন মিমি।





