কলাবাগানে দগ্ধ পাঁচজনের ৪ জনই মারা গেলেন


রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. সুলতান মাহমুদ জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ রোগীদের মধ্যে শুধু আব্দুর রহমানকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের ওই বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা দুটি পরিবারের সদস্য। একটি পরিবারের তিনজন হলেন- দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের দুজন হলেন- শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার। তারা ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।





