শিক্ষা

এনটিআরসিএর পরীক্ষার নম্বর বণ্টনে আসতে পারে বড় পরিবর্তন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের আলোচনা চলছে। বর্তমানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ৪০০ নম্বর করার প্রস্তাব বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় পরীক্ষার নম্বর বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর আগে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই অনুযায়ী এনটিআরসিএ একটি খসড়া পরিপত্রও তৈরি করে।

তবে মঙ্গলবারের সভায় পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তনের প্রস্তাব ওঠে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। তাই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধনসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিধিমালার খসড়া চূড়ান্ত করতে আবারও সভা আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ