ক্যাম্পাস

আগের সূচিতেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বাড়ছে

আইনি বাধা কেটে যাওয়ায় আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আবেদনের সময় বাড়াতে যাচ্ছে উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সোমবার বিকালে বলেন, “পুনঃমূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছে, তাদের কথা বিবেচনা করে কমপক্ষে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

“মাননীয় শিক্ষামন্ত্রী তাদের কথা বিবেচনা করে সবাই যেন ভালোভাবে আবেদন করতে পারে, তাই সময় বাড়াতে অনুরোধ করেছেন। সেজন্যই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়, যার শেষ সময় ২৫ নভেম্বর পর্যন্ত ঠিক করা হয়। এখন সেই সময় বাড়াতে যাচ্ছে ভর্তি কমিটি।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা সোমবার স্থগিত করেছে আপিল বিভাগ।

এ আদেশের পর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতে বুধবার হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে।

এর মধ্যে সোমবার বিকালে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি:

আইবিএ ইউনিট

শনিবার

৫ ডিসেম্বর

বিজ্ঞান ইউনিট

শনিবার

১২ ডিসেম্বর

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

শনিবার

১৯ ডিসেম্বর

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)

মঙ্গলবার

২২ ডিসেম্বর

ব্যবসায় শিক্ষা ইউনিট

শনিবার

২৬ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে গত ৯ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসি এক মতবিনিময় সভা করে। সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে এর বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন এক অভিভাবক।

এই বিভাগের আরও সংবাদ