রাজনীতি

দুপুরে যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথম দল হিসেবে সংলাপে অংশ নিচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারিআদেশ দেখুন

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছেন এনসিপি নেতারা।

দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যাবেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, আজকের সংলাপে জাতীয় ঐক্যের জন্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে এনসিপি নেতারা।

প্রধানমন্ত্রীকে যা বলবে এনসিপি

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা সেই সংলাপে সাড়া দেবেন। তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন।

নাহিদ বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’

এনসিপি নিজের জায়গা থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা তাদের জাতীয় শত্রু মনে করি। ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব।’

এই বিভাগের আরও সংবাদ