রাজনীতি

জাতীয় ঐক্য চাইলে সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে, তারা সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। অন্যথায় তারা শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলবে।

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার নিশ্চিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

নাহিদ ইসলাম বলেন, জানুয়ারি মাসে তারা আবারও এই একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না।

পতিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়, বরং জনগণের মধ্যে এবং সামাজিক-রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।

বিমানবন্দরে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ