আইন ও আদালত

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানায় করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আম এই আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী গ্রেপ্তার তিন আসামিকে হাজির করে। এরমধ্যে এক শিক্ষার্থী শিশু হওয়ায় কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আবেদন করা হয় এবং অপর দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালত-২ এর বিচারক ওই কিশোরকে গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেন এবং অপর দুজনকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।

নথি থেকে জানা গেছে, গতকাল শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে এসে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিন শিক্ষার্থীকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।

এই বিভাগের আরও সংবাদ