ইসলাম

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম হলেন মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান

দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসির প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মাহমুদুল হাসান ও মুফতি নাঈমুর রহমান নাঈম। ‘ক’ গ্রুপে ঝালকাঠির মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে টাঙ্গাইলের নাঈমুর রহমান প্রথম হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ও আজ শনিবার জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের আট বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।

জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে এক লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতিযোগিতাটি দুটি গ্রুপে আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ ছিল।

বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দুই গ্রুপে এতে মোট দুই হাজার ৫৮০ জন নিবন্ধন করেন। তাদের মধ্যে ‘ক’ গ্রুপে এক হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে এক হাজার ১৪৫ জন ছিলেন। গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। তাদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হয়।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। এতে দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা প্রশিক্ষক হিসেবে অংশ নেন। তারা প্রতিযোগীদের তাফসিরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইসলামী জ্ঞানচর্চা, পবিত্র কোরআনের তাফসির অনুধাবন এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও সংবাদ