আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার নিহত

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই-তৈয়বার জ্যেষ্ঠ কমান্ডার লতিফ ভাট। আজ বুধবার ভোরের দিকে ঘটেছে এ ঘটনা।

গত ১১ নভেম্বর কুলগামে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের একটি ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় কুলগামে তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের। সিসিটিভি ফুটেজ যাচাই করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানতে পারেন যে লতিফ এবং কুলগামের স্থানীয় বাসিন্দা ও লস্কর ই-তৈয়বার সদস্য নিসার দার এ হামলা করেছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা যায়, ১০ নভেম্বর লস্কর কমান্ডার লতিফ এবং নিসার দারকে কুলগামের মীর বাজার, আখরান, হবলিশ এবং কিলমের মতো বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। তার ঠিক পর দিনই অর্থাৎ ১১ নভেম্বর অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়।

সিআরপিএফের ওই ছাউনির আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লতিফ এবং নিসারের খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। হামলার পর কোন রাস্তা ধরে তারা পালিয়েছিলেন, তা-ও ধরা পড়ে সেই ফুটেজে। পালিয়ে কোথায় গিয়ে লুকিয়েছেন তারা, সেই তথ্য সংগ্রহ করতে শুরু করে নিরাপত্তাবাহিনী।

গোপন সূত্রে খবর পেয়ে গত ১৬ নভেম্বর (সোমবার) কুলগামের লারু এলাকায় লতিফ এবং নিসারের খোঁজে অভিযান পরিচালনা করে নিরাপত্তাবাহিনী। অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশের এসওজি (স্পেশ্যাল অপারেশনস গ্রুপ) এবং সেনার সঙ্গে ব্যাপক সংঘাত হয় এবং সেই সংঘাতে নিহত হন নিসার। তবে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ লতিফের খোঁজ তখনও মেলেনি।

গত দু’দিন ধরে লতিফের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর থেকে লতিফের সন্ধান পেতে বুধবার ভোর থেকে কুলগামে জোরেশোরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযানের জেরে ক্রমশ কোণঠাসা হতে থাকেন লতিফ। শেষে জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদের ভিতরে তার উপস্থিতি নিশ্চিত করে নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাত পৌনে ৩টে নাগাদ ওই মসজিদে ঢুকেছিলেন লতিফ।

লতিফের উপস্থিতি টের পেয়ে ওই মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সেই সঙ্গে জঙ্গলপোরা গ্রাম ও গ্রামের চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা। কোনও অবস্থাতেই যাতে লতিফ পালাতে না পারেন, তার ব্যবস্থা করা হয়েছিল। তবে লতিফকে ধরার আগে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু তিনি সেই আবেদনে সাড়া দেননি।

লতিফ আত্মসমর্পণের আবেদন প্রত্যাখ্যান করার পর তাকে ধরতে ধীরে ধীরে মসজিদের দিকে এগোয় নিরাপত্তাবাহিনী। নিরাপত্তাবাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি চালান লতিফ। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। শেষপর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত হন লশকর কমান্ডার। ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর ই-তৈয়বায় যোগ দেন লতিফ। তার আগে কুলগামের একটি গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি।

নিরাপত্তাবাহিনীর তথ্য অনুযায়ী, লতিফই ছিলেন জম্মু-কাশ্মীরে একমাত্র প্রশিক্ষিত স্থানীয় জঙ্গি। বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে উল্লেখ ছিল লতিফের নাম। তার খোঁজে পোস্টারও দেওয়া হয়েছিল পুলিশের তরফে। গত জুলাইয়ে এই কুলাগামে কয়েক দিনের ব্যবধানে পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনাগুলির নেপথ্যে লতিফের যোগের অভিযোগ ওঠে।

এই বিভাগের আরও সংবাদ