অর্থনীতি

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হচ্ছে ৫৭৮ মোটরসাইকেল

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের টিওঅ্যান্ডইভুক্ত ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন।

এতে আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম।

বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে মোটরসাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে।

অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

এ ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে।

২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না। এছাড়া ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ