জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মুসলিম এইড ইউকে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রত্যর্পণ নিয়ে আগে যা বলা হয়েছে, সেটিই সরকারের অবস্থান।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৈঠকে মূলত দুই দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণই শেষ কথা নয়; বরং প্রশিক্ষণকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে। অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশিক্ষণ নেওয়া কেবল শুরু, এরপর প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগকর্তা ও বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ