বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত


আজ ১৬ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মু’মিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।
তিনি আরও বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।
বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এজন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।
এছাড়াও বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭ সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





