জাতীয়

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ বিশ্ব নেতাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে অত্যন্ত সফল বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে।

প্রধানমন্ত্রীর ১১-১২ নভেম্বরের আন্তালিয়া সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবকিছু বিবেচনায়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কপ৩১-এ বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল ছিল।”

হুমায়ুন কবির বলেন, এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন সরকারের প্রতিশ্রুতি, অগ্রাধিকার এবং রূপকল্প তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা প্রসারিত করেছে।

“এই সফরের মাধ্যমে, দীর্ঘ বিরতির পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে বাংলাদেশের আস্থা, সম্মান ও আত্মমর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন,” তিনি বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অফ দ্য পার্টিস (কপ৩১)-এর বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে ০.৫ শতাংশেরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম।

কপ৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের জাতীয় বিবৃতি প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব, অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু-সহনশীল উন্নয়নের ওপর আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব করেন এবং জলবায়ু-সম্পর্কিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

তিনি জলবায়ু-ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, একটি ন্যায্য জ্বালানি রূপান্তর এবং ঋণ ব্যবস্থায় সংস্কারের ওপরও জোর দেন।

হুমায়ুন বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খনিজ সম্পদ সহযোগিতা, জলবায়ু কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।

বৈঠকটিকে বিশেষভাবে সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করে হুমায়ুন বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ব্যস্ত সময়সূচী সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট এই বৈঠককে গুরুত্ব দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকে তারেক রহমান জলবায়ু সহযোগিতা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ, কৃষি উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তাঁর অস্ট্রেলীয় প্রতিপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং অ্যালবানিজ আশা প্রকাশ করেন যে তিনি আগামী বছর সুবিধাজনক সময়ে এই সফর করতে পারবেন।

হুমাইয়ুন বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা ও তাসখন্দের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রীর মতে, উজবেকিস্তানের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেছেন।

চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ব্রাজিল, ইরান, মালদ্বীপ, সিরিয়া ও সোমালিয়ার রাষ্ট্রপতিদের পাশাপাশি পাকিস্তান, মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

হুমায়ুন বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রী ড. জুবাইদা রহমান গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের একটি উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশও তার জলবায়ু উদ্যোগগুলো প্রদর্শন ও প্রচারের জন্য সম্মেলনস্থলে প্যাভিলিয়ন স্থাপন করেছে।

এই বিভাগের আরও সংবাদ