ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে


২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তাঁর আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’। বাংলাদেশ সরকারের দিক থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ফেরত আসতে পারেন।খেলা খবর
এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে ভারত বরাবরই এ ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।
গত মঙ্গলবারও (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, চুক্তির নানা জটিলতার কারণে এ ধরনের প্রত্যর্পণ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণ’-এর কথা বলায় অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, বিষয়টি আসলে কতটুকু বাস্তবসম্মত।খেলা খবর
প্রত্যর্পণ কী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গে বলেছেন, তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি এবং প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তা করা সম্ভব।’
মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইনের আওতায় কূটনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ প্রত্যর্পণের জন্য অনুরোধ জানাতে পারে। বাংলাদেশের সাথে এখন দুইটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড।
ভারতের সাথে বাংলাদেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে। পরে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যার ফলে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী রাষ্ট্রকে আদালতের নির্দেশের কপির পাশাপাশি শুধু গ্রেপ্তারি পরোয়ানা দিলেও চলবে, অভিযোগপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।
ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে আর ভারত সরকার এই বিষয়ে শুধু আইনি প্রক্রিয়ার কথাই বলছে। কারণ প্রত্যর্পণের বিষয়টিতে ভারতের আইন মেনে আদালত ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ‘প্রত্যর্পণ প্রসঙ্গ আসলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কি না সেটিও নিশ্চিত নয়। কারণ ভারতের আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,’ বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক শ্রীরাধা দত্ত।খেলা খবর
চুক্তিতে কী আছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তির যে কপি দেওয়া আছে, তার দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী এক বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড অথবা তার চেয়ে কঠোর দণ্ডে দণ্ডনীয়।
দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হওয়া সত্ত্বেও অথবা সম্পূর্ণরূপে আর্থিক বা রাজস্বগত প্রকৃতির হওয়ার কারণে এই চুক্তির আওতায় প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের আইনে অপরাধটি একই শ্রেণিভুক্ত কি না, কিংবা একই পরিভাষায় বর্ণিত কি না তা বিবেচ্য নয়।
চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করা অথবা ওই অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উৎসাহ দেওয়া বা পক্ষ হওয়া, অথবা এ ধরনের অপরাধের পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশগ্রহণ করাও এই চুক্তির আওতায় প্রত্যর্পণযোগ্য হবে।
এই চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তির প্রত্যর্পণের জন্য অনুরোধ করা যেতে পারে, যদি অভিযুক্ত ব্যক্তি যে অপরাধ করেছেন সেটি একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত হয়। তবে শর্ত থাকে যে, ওই রাষ্ট্রের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সম্মিলিতভাবে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।
রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে কী বলা হয়েছে
শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন। তাঁদের দাবি, ওই ধারার কারণেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যাবে না। আর বাংলাদেশের দিক থেকে বলা হচ্ছে, এই ধারার ভিত্তিতে প্রত্যর্পণ আটকে থাকার কোনো কারণ নেই।
রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়, সেটি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের মতে ‘রাজনৈতিক চরিত্রের’ অপরাধ হয়, তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। অর্থাৎ যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে, তার বিরুদ্ধে অভিযোগটা যদি ‘রাজনৈতিক প্রকৃতি’র হয়, তাহলে ওই অভিযোগের বিষয়ে ভারত প্রত্যর্পণে অস্বীকৃতি জানাতে পারে।
তবে ওই অনুচ্ছেদ অনুযায়ী এই চুক্তির ক্ষেত্রে কিছু অপরাধ রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে যেমন হত্যা বা হত্যার চেষ্টা অথবা হত্যার ষড়যন্ত্রের মতো অপরাধ, সশস্ত্র বিদ্রোহের সাথে জড়িত অপরাধ বা সশস্ত্র বিদ্রোহের জন্য প্ররোচিত অপরাধ অথবা এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত ব্যক্তি। এই তালিকায় আরও রয়েছে—এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে কিংবা জনশৃঙ্খলার জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।রাজনৈতিক খবর পড়ুন
এছাড়া জনসাধারণের উপযোগী সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করা অথবা ক্ষতিসাধনের চেষ্টা করা, কিংবা এমন কোনো অপরাধ যা সংশ্লিষ্ট রাষ্ট্রের সংবিধানে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়।
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে?
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিগুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না, তার মধ্যে আছে—সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রত্যর্পণের ক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রের নাগরিক না হন, তাহলে প্রত্যর্পণ করা যাবে না। তবে প্রত্যর্পণের অনুরোধ জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা হতে পারে। কিংবা যে অপরাধে তাঁকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছতার কারণেও প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যেতে পারে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলার রায়ের পর তিনি যে বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি তাঁর বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে দাবি জানানো হয়েছে। এখন শেখ হাসিনার দিক থেকে তাঁর আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর ‘প্রত্যর্পণ’ প্রশ্নটি নতুনভাবে আলোচনায় এসেছে। এর আগে গত বছরও শেখ হাসিনাকে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় এসেছিল। সুত্রঃ বিবিসি বাংলা।





