গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬


ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। হতাহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালটির দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি গাজা থেকে জানান, হামলার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্স দল। তাদের তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরেই ছয়জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
নাসের মেডিকেল কমপ্লেক্স গাজার অন্যতম বৃহৎ হাসপাতাল। খান ইউনিসে এখনো চালু থাকা একমাত্র হাসপাতাল এটি। দক্ষিণ গাজার প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য হাসপাতালটির ওপর নির্ভরশীল।
হামলায় নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে এমন রোগীও ছিলেন, যাঁদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা এসব রোগী হাসপাতালেই ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এমনকি হাসপাতাল খালি করার নির্দেশনাও ছিল না।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ নিয়ে সাতবার হামলার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন।
নিহত গাজার তরুণ ফুটবলার
গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। তিনি গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও প্রথম দলের গোলরক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। সংবাদপড়ুন
মঙ্গলবার (১০ নভেম্বর) সাবরা এলাকার আল-মাগরাবি সড়কে এই হামলার ঘটনা ঘটে। পিএফএ জানিয়েছে, আবদেল-মালেকের মৃত্যুতে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে।
নিহত হওয়ার মাত্র পাঁচ দিন আগেও তিনি ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত গাজা ও উত্তর গাজা অঞ্চলের ফাইনালে তাঁর দল গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়। নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
এদিকে, এর কয়েক দিন আগে ১৫ বছর বয়সী আরেক ফিলিস্তিনি ফুটবলার মোহাম্মদ নিদাল বারবাখ খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় গুলিতে নিহত হন বলে জানিয়েছে পিএফএ।
ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে ধারাবাহিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে দেশটির খেলাধুলা মারাত্মক সংকটের মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।





