চিকিৎসা শেষে ফের কারাগারে ফিরলেন ইমরান খান


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে। বুধবার এক কর্মকর্তা এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া একটি সাজা ছাড়া বাকি সব সাজা স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব বিষয়ে আপিলের শুনানি এখনো বাকি। ইমরান অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
গত আগস্টে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে ফিরিয়ে আনা হয়েছিল। এরপর এবারই প্রথম ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে কারাগারে ফেরানোর ঘটনা জানা গেল।
এদিকে ইমরান খানের আইনজীবী দলকে তার সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের দল এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, তার দলের উপপ্রধান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





