বরিশাল

হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকানপাটের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়।

সোমবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

ক্ষতিগ্রস্তরা হলেন, আলমগীর দড়ি, রফিক বিশ্বাস, ফরিদ ব্যাপারী, শফিক দড়ি ও জাকির হোসেন। বাজার কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী বলেন অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানান স্থায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর জানান যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার মত নয়। অপর এক ব্যবসায়ী শফিক বলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। এমনকি তাদের পরিবার-পরিজনকে নিয়ে মানবেতার জীবন যাপন করতে হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগের আরও সংবাদ