কুষ্টিয়া

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামের এক যুবক ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যান ওই যুবক। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিষয় সনাক্ত করা হয়েছে।

এদিকে স্থানীয় লোকজন আহত জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যান। এর আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে থানা পাড়ার কিচেন ক্লাবের কাছে এ ঘটনা ঘটে।

জাকিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ কারণে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় থাকে।

জাকিয়ার পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। কোচিংয়ে পড়ার সময় থেকে ইমন তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য তিনি বিরক্ত করা বন্ধ করেন।

পরিবারের ধারণা, ইমনের পরিবারের কাছে অভিযোগ করার কারণেই জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খোজ নিয়েছি শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীর অবস্থা ভালো আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের বেডে স্থানান্তর করেছে।

এই বিভাগের আরও সংবাদ