কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাজা ও ট্যাপেন্টাডল উদ্ধার, কারাগারে ১০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি জেলার কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ার লালনের মাঠ, দৌলতপুর থানার বিভিন্ন এলাকা এবং কুষ্টিয়া সদর থানাধীন উপজেলা মোড় ও যুগিয়া এলাকায় পরিচালিত হয়। এতে ১০টি মামলা দায়ের ও নিষ্পত্তির প্রক্রিয়ায় ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ১৯০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর মধ্যে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্য সাতটি মামলায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অভিযানের আসামীরা হলেন, আদিল মল্লিক, মোহাম্মদ রোহান, আনিন নাঈম, আব্দুল আজিজ, আসাদুর রহমান, আবুবক্কার, এজাহার, মেহেদী হাসান, শিপন আলী ও রিপন আলী।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানায়, নিয়মিত তিনটি মামলায় পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক ইকবাল হোসেন ও উপপরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, উপপরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম ও মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বিভিন্ন মেয়াদে দুই থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করেন এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়।

এক বার্তায় উপপরিচালক আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ