৫ বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত


টানা পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ওএসডিতে থাকা উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত করেছে সরকার। চাকরির অবসান হওয়ায় তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুমন রেজা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে ২০১৮ সালের ৫ মার্চ থেকে সরকারের কর্মে অনুপস্থিত রয়েছেন।
তার উচ্চশিক্ষার ছুটির মেয়াদ ২০২৩ সালের ৫ মার্চ শেষ হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। ওই দিন সরকারের কর্মে তার অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় কর্তব্য থেকে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলসের প্রথম খণ্ডের বিধি ৩৪ অনুযায়ী ২০২৩ সালের ৫ মার্চ থেকে সুমন রেজার চাকরির অবসান হয়েছে। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন
চাকরির অবসান হওয়ায় সরকারের কাছ থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


