জাতীয়

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি বছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর পাঁচ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে।

তিনি জানান, পাশাপাশি সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে এর দাম দুই-তিন হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো (সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকা) অনুমোদন করা হয়েছে বলেও জানান মাহদী আমিন।

শিক্ষাখাতের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে ধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি ও এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ