কুষ্টিয়া

কুষ্টিয়ায় এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ