জাতীয়

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটির কাঠামো সংশোধন করে নতুন করে এটি পুনর্গঠন করা হয়েছে।

১৫ সদস্যের নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে বিটিভির মহাপরিচালক কাজী জেসিনকে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২), সংস্কৃতিকর্মী সারমিনা বিনতে আমিন, অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শহীদ আলী, নির্মাতা, অভিনেতা ও প্রযোজক খালেদ আহমেদ সোহেলিন, অভিনেতা এম সালাম মুনশি, নাট্যকার, পরিচালক ও প্রযোজক কাজী মো. খলিলুর রহমান, গণমাধ্যমকর্মী কামরুল হাসান দর্পণ, সংস্কৃতিকর্মী খালেদা এনাম মুনা, অভিনেতা ও নির্মাতা তাহরিন, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহান এবং নির্মাতা আদনান আজাদ।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারিভাবে নির্মিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে সেগুলো প্রচারের উপযোগী কি না, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি। বিটিভির মহাপরিচালকের অনুপস্থিতিতে তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন।

কমিটির কোরাম পূর্ণ হবে আটজন সদস্য উপস্থিত থাকলে। বিটিভির প্রচলিত বিধি অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সরকারি উদ্যোগে বিটিভির জন্য অনুষ্ঠান নির্মাণে কমিটির কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না। তবে বিটিভির নিজস্ব কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বা সম্পৃক্ততার ক্ষেত্রে কমিটির সভাপতির অনুমোদন নিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সদস্যপদ শূন্য হলে বিটিভির মহাপরিচালক নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ