জাতীয়

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে বিজিবি

মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (০৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁর মহান অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।”
তিনি বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ