কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে একটি গনমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। এছাড়া সমাবেশে কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অতি দ্রুত গণমানুষের ৭০ শতাংশ ভোটের রায় মেনে নিন। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পরিণতিও ভাবতে হতে পারে।
তারা আরও বলেন, যদি জুলাই আন্দোলন সংঘটিত না হতো, তবে কেউ লন্ডন থেকে এসে ভোটার হতে পারত না, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারত না এবং কেউ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারত না।
এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত নেতারা বলেন, আপনারা চাঁদাবাজি ছেড়ে সঠিক পথে ফিরে আসুন। অন্যথায় এদেশের জনতা আপনাদের অবস্থাও ফ্যাসিবাদের মতো করবে। সমাবেশে জেলার সকল উপজেলার জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



