আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী


আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজে অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (শনিবার, ১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না।’ শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
এসময় শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি বলেন, ‘অসাধু ঠিকাদাররা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে।’
যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তাদের মানবতার শত্রু বলেও অভিহিত করেন রুহুল কবির রিজভী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন, সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক।



