সুখরঞ্জন বালীকে অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর: ডিবি


জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ ও গুমের ঘটনায় পুলিশের তৎকালীন সহকারী সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতেই কর্মরত ছিলেন। ২০২৪ সালে অবসরে যান তিনি।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি রিকুইজিশনের (তলবি পরোয়ানা) ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধের মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে থেকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। আইসিটির রিকুইজিশন পাওয়ার পর গতকাল রাত ১০টার দিকে বাড্ডার বাসা থেকে আমরা তাকে গ্রেফতার করি। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে এবং আদালতের নির্দেশে এরইমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
২০১২ সালের ৫ নভেম্বরের সেই চাঞ্চল্যকর ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, ঘটনার দিন সকালে সাক্ষী সুখরঞ্জন বালী সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি থেকে নামামাত্র তৎকালীন এএসপি ফজলুর রহমান তাকে প্রথমে একটি চড় মারেন। এরপর শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে ডিবির গাড়িতে তুলে নিয়ে যান। এই অপহরণ ও গুমের অভিযানে ফজলুর রহমান ও তার তৎকালীন টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
উল্লেখ্য, ২০১২ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসার পর সুপ্রিম কোর্টের গেট থেকে সুখরঞ্জন বালী নিখোঁজ হন। পরে ভারতের কারাগারে নিয়ে যাওয়ার কথা জানান সুখরঞ্জন বালি।
গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুম, অপহরণ, নির্যাতনসহ প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখার অভিযোগ করেন পিরোজপুরের সুখরঞ্জন বালি। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করেন তিনি।



