রাজধানী

এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা ও উপহার প্রদান

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের শুভকামনা ও উপহার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২টায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আরা মান্নান, স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নাফিসা ইসলাম, অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, মেরিনার্স ইয়াং ক্লাবের গভর্নিং বডির সদস্য সচিব আলমগীর কবির, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ফেরদৌসী শুভ্রা, সমাজসেবক ও সংগঠক সাইদুর রহমান (সোহেল) এবং প্রাক্তন শিক্ষার্থী মনিরুল ইসলাম নাসির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব।

সভাপতির বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করাই আমাদের এক্স স্টুডেন্ট ফোরামের অন্যতম লক্ষ্য। আজকের পরীক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মঙ্গল কামনা করি। একই সঙ্গে সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার মাধ্যমে ফোরামের পথচলা আরও বেগবান হবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। পরে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ