‘কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে’


কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও তাদের পরিবারের জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
তিনি বলেন, নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাপ্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে সরকার নিহত প্রবাসীদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে শনিবার কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহত প্রবাসীরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
জানা গেছে, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক।



