‘মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিল্পবের প্রস্তুতি নিতে হবে’


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও বিরোধীদলীয় নেতা আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সীমান্তে সুড়সুড়ি হচ্ছে। পুশইনের নামে একটা দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিচ্ছে।’
তিনি বলেছেন, ‘আমরা চাই না, আমাদের কোনো প্রতিবেশির ঘুম ও শান্তি কেড়ে নিতে। তাদের কালো হাত আমাদের দিকে বাড়াক, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, সেই হাত ভেঙে দেওয়া হবে। মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিল্পবের জন্য প্রস্তুতি নিতে হবে।’
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘বিএনপি জাতিকে দেওয়া কথা রাখেনি। আমরা বিএনপিকে বলেছি, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না।’
এ সময় খুলনাবাসীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আমরা আপনাদের কথা দিতে এসেছি। আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম, যেটা বাস্তবায়ন করা হবে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি। দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক, সেজন্য আমরা ফলাফল মেনে নিয়েছিলাম। আমরা কারও বাপ-দাদার চোখ রাঙানিকে পরোয়া করবো না। কারও কাছে মাথানত করবো না।’


