দেশকে শাসন নয়, সেবা করতে চাই: ডা. শফিকুর রহমান


মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির সদস্যরা এ সম্মেলনে অংশ নেন।
শুক্রবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ শহরের কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দেশকে শাসন করতে চাই না, দেশের সেবা করতে চাই। যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না, সে দলের দেশ শাসন করার অধিকার নেই। যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, তাদের দিয়েই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বিচারের ভার জনগণের ওপর। তবে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে বড় কিছু করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সরকার বাজেটে কর কমিয়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। কারণ বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। এসব সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয়ে টিকে থাকে। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না।”
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনরা সম্মেলনে অংশ নিয়ে সাংগঠনিক কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতবিনিময় করেন।



