বিনোদন

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে ঘিরে কলকাতায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়েছে, তাদের লক্ষ্য করে একদল ব্যক্তি উত্তেজনাকর আচরণ করেন।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তার দাবি অনুযায়ী, সোমবার (১৫ জুন) রাতের দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের মুখোমুখি হন কয়েকজন ব্যক্তি।

পোস্টে উল্লেখ করা হয়, ওই ব্যক্তিরা অভিনেতাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা তার দিকে এগিয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় মোশাররফ করিম ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মোশাররফ করিম কিংবা রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের প্রতিক্রিয়াও জানা যায়নি।

ফলে ঘটনাটির বিস্তারিত পরিস্থিতি ও অভিযোগের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ