অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ


ভারত-বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে, অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতিনির্ধারকরা বলছেন, দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হচ্ছে। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে, কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ-ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট।
এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও।
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার।
এছাড়া, দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়াটা ইতিবাচক। এতে ভারতের ওপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে, একইসঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ তাদের।
অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি, টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনাই হতে পারে ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।



