কৃষি মন্ত্রীর সাথে বেলারুশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


আজ মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে তাঁর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশ রাষ্ট্রদূত মিখাইল কাসকো (Mikail Kasko) সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতির দেশ। দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে সার, বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা রয়েছে। ডেইরি ও প্রাণিসম্পদ খাতেও সরকার উৎপাদন বাড়াতে কাজ করছে।
রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশ আগ্রহী হলে কৃষি যান্ত্রিকীকরণে তাঁর দেশ সহযোগিতা করতে আগ্রহী। বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে সার সরবরাহে বেলারুশ আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান।



