পৌরসভার পানিতে কালো রঙ ও দুর্গন্ধ: স্বাস্থ্যঝুঁকিতে কালীগঞ্জবাসী”


মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি: কল খুললেই পানি মিলছে, তবে সেই পানিই হয়ে উঠছে নাগরিক ভোগান্তির বড় কারণ। দুর্গন্ধ, কালচে রঙ আর ময়লায় ভরা সেই পানি এখন যেন ঝিনাইদহ কালীগঞ্জ পৌর বাসীদের জন্য এক নীরব দুর্ভোগের প্রতীক।
প্রতিদিনের প্রয়োজনীয় কাজ—গোসল, রান্না কিংবা পান করা—সবকিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে এই নিম্নমানের পানি। বিশেষ করে যেসব পরিবার বা ছাত্রাবাসে নিজস্ব টিউবওয়েল নেই, তাদের দুর্ভোগ যেন কয়েকগুণ বেশি।
শিবনগর বোষ্টমপাড়ার এক বাসিন্দা বলেন,কল খুললেই এমন গন্ধ আসে, মনে হয় ড্রেনের পানি উঠছে। এই পানি ব্যবহার করা তো দূরের কথা, কাছে যেতেও কষ্ট হয়।
গৃহবধূ সেলিনা খাতুনের কণ্ঠে হতাশা স্পষ্ট,রান্না করতে গেলেও চিন্তা করতে হয়। এই পানি দিয়ে কীভাবে খাবার তৈরি করব? বাধ্য হয়ে বাইরে থেকে পানি আনতে হচ্ছে।”
শহরের একটি ছাত্রাবাসের শিক্ষার্থী আশিক জানায়,পৌরসভার পানির ওপর নির্ভর করি। কিন্তু অনেক দিন এমন যায়, যখন পানি ব্যবহার করার মতো থাকে না। তখন গোসল ছাড়াই বের হতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর ও পানির বিল পরিশোধ করেও তারা ন্যূনতম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে ক্ষোভ জমছে ভেতরে ভেতরে।
পৌরসভা সূত্রে জানা যায়, এলাকায় ছয়টি পানির পাম্প থাকলেও একটি দীর্ঘদিন ধরে অচল। অন্যদিকে পুরনো পাইপলাইনের কারণে মরিচা, কাদা ও ময়লা পানির সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পৌর প্রকৌশলী মো. কবির হাসান বলেন,কিছু এলাকায় পাইপলাইনে জমে থাকা ময়লার কারণে সমস্যা হচ্ছে। আমরা দ্রুত পাইপ পরিষ্কারের কাজ শুরু করব এবং অচল পাম্পটি সচল করার চেষ্টা চলছে।
তবে নাগরিকদের প্রশ্ন—“কবে?
কারণ আশ্বাস তারা অনেকবারই পেয়েছেন, কিন্তু বাস্তব পরিবর্তন এখনও চোখে পড়েনি।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়া, চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।



