উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল জব্দ: দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩


মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট: রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক এবং এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চীনা নাগরিক ওয়াং গুফেং, জাং হাইবিন ও বাংলাদেশি নাগরিক মো. দেলোয়ার। এ সময় তাদের কাছ থেকে ছয়টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল, মোবাইল ফোনের মাদারবোর্ড ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
গতকাল রোববার (২৬ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪নং সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় ডিএমপি পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় গোপনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন ও স্যামসাং মোবাইলসহ দুই চীনা ও এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইলের মাদারবোর্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলের মধ্যে ছয়টি আইফোন, ৫৭টি বিভিন্ন মডেলের স্যামসাং মোবাইল রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর বলেন, ধারণা করা হচ্ছে মোবাইল ফোনগুলো চোরাইভাবে আমদানি করে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



