কূটনীতিতে বাধা মার্কিন চাপ: ইরানি প্রেসিডেন্ট


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন বৈরি পদক্ষেপ ও চাপ আস্থা তৈরি ও সংলাপের দিকে যাওয়ার পথ কঠিন করে তুলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হওয়া পঞ্চম ফোনালাপে পেজেশকিয়ান যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।
সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সব পক্ষের মধ্যে অভিন্ন বোঝাপড়া দরকার মন্তব্য করে ইরানি প্রেসিডেন্ট বলেন, যে কোনো অগ্রগতির ক্ষেত্রেই আস্থা এবং যথাযথ ভিত্তি প্রস্তুত করা অপরিহার্য।
তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সব পদক্ষেপ, বিশেষ করে ইরানের বিরুদ্ধে তাদের শক্তিশালী নৌ অবরোধকে আস্থা বৃদ্ধি ও কূটনীতির ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে নৌ অবরোধের মতো কর্মকাণ্ড আস্থা নির্মাণের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে।
পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু কিংবা কখনোই অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়ানোর চেষ্টা করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বৈরিতা, যার মধ্যে নৌ অবরোধও আছে, ওয়াশিংটন যে রাজনৈতিক সমাধান চায় বলে দাবি করছে তার বিরুদ্ধে যায়। এগুলো ইরানিদের মধ্যে তাদের প্রতি কেবল অবিশ্বাসই বাড়িয়েছে।
অপর পক্ষ হুমকি, চাপ ও বলপ্রয়োগের বদলে পারস্পরিক সম্মানের ব্যাপারে মনোযোগী হলেই আলোচনা কাজ করবে মন্তব্য করে তিনি বলেন, ইরান কেবল আন্তর্জাতিক আইনের অধীনে তার বৈধ অধিকারই নিশ্চিত করতে চাইছে।
ইরান যে কোনো ন্যায্য ও সম্মানজনক পথে যেতে প্রস্তুত, বলেন পেজেশকিয়ান। তিনি পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশগুলোকে চাপ বা অন্যায্য দাবি ছেড়ে দায়িত্বশীল সংলাপের পথে যেতে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করারও আহ্বান জানান।
ফোনালাপে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ ইরানের নেতা ও জনগণকে অভিবাদন জানিয়েছেন। তিনি ইসলামাবাদে এসে বিস্তারিত আলোচনা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি’র প্রশংসাও করেন।
ইরান যে পাকিস্তানকে বিশ্বাস করে তা ‘সম্মানের’ উল্লেখ করে শেহবাজ বলেন, একটি ভালো সমাধানে পৌঁছাতে পাকিস্তান তার সক্ষমতার সবটুকুকেই কাজে লাগাবে।
তিনি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নিন্দাও জানান। চাপে বা যুদ্ধে ইরানিদের নত করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ইরানে শাসন ব্যবস্থা বদলের চিন্তা একেবারেই অবাস্তব।
পাকিস্তান এমন এক রাজনৈতিক সমাধান চায় যা ইরানের মর্যাদাকে যেমন সমুন্নত রাখবে, তেমনি অঞ্চলে স্থিতিশীলতাও আনবে, বলেছেন শেহবাজ।


