কৃষি মন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


আজ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ খাত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষি মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে কারিগরী সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যে কোন সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্ত্রী জানান।
বাংলাদেশের অর্গানিক কৃষির সম্ভাবনা নিয়ে মন্ত্রী হাইকমিশনারকে জানান, দেশের মাটি ও আবহাওয়া উন্নত ও গুণগত মানসম্পন্ন যা কৃষির জন্য উপযোগী। সরকার দেশের চরাঞ্চলের রপ্তানীমূখী কৃষি উৎপাদনের পরিকল্পনা করছে। কানাডার বেসরকারি পর্যায়ে যে কোন প্রতিষ্ঠান বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করতে চাইলে সরকার সব ধরণের সহযোগিতা করবে।
হাইকমিশনার বলেন, কানাডার কৃষি অনেক সমৃদ্ধ, দেশের বিশাল অংশ ঝুড়ে কৃষিপণ্য উৎপাদিত হয়। বাংলাদেশে তেল জাতীয় শস্য-ক্যানোলা রপ্তানীতে করতে তাঁর দেশ আগ্রহী বলে হাইকমিশনার জানান। বাংলাদেশের কৃষির সাথে কানাডার গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে হাইকমিশনার অজিত সিং বলেন, কৃষি প্রযুক্তি, গবেষণা, কারিগরী সহযোগিতা, পশু উৎপাদন ও পরিচর্যা সম্পর্কিত যে কোন বিষয়ে তাঁর দেশ সবসময় সহয়োগিতা করতে আগ্রহী।


