জাতীয়

হরমুজ দিয়ে নিরাপদে চলতে পারবে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইরান।

তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিব জাদেহরের সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াত সহজতর করার জন্য ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত মধ্যস্থতা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, ইরান যখন হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন বাংলাদেশ সরকার ও জনগণ অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। পররাষ্ট্রমন্ত্রীর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাঈদ খাতিবজাদেহ অবিলম্বে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে খোঁজখবর নেন।

পরে রোববার (১৯ এপ্রিল) রাতে সাঈদ খাতিবজাদেহ পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৈঠকে ২ দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। খলিলুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংকটের বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আঞ্চলিক শান্তি বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।’

এই বিভাগের আরও সংবাদ