আন্তর্জাতিক

যুদ্ধবিমান ভূপাতিতের পর ক্ষোভে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

যুদ্ধ চলাকালীন একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিধ্বস্ত ওই বিমানে থাকা পাইলট ও ক্রুকে উদ্ধারে পরবর্তীকালে একটি বিশাল অভিযান পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তার সহযোগীদের ওপর দীর্ঘ সময় চিৎকার করেন।

চাঞ্চল্যকর তথ্য হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যখন বিমানটির পাইলট ও ক্রুদের উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয়, তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয়েছিল। একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের চারিত্রিক অধৈর্যতা যেন উদ্ধার অভিযানের সূক্ষ্ম ও সংবেদনশীল কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্যই কর্মকর্তাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, যুদ্ধ শুরুর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এবং জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি করার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন।

পুরো ঘটনায় অবাক হন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও। ইরান কত দ্রুত এবং সহজে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তা ছিল তাদের কল্পনার বাইরে। ট্রাম্প নিজেও এই সক্ষমতা দেখে বিস্মিত হয়ে মন্তব্য করেছিলেন যে, একজন কীভাবে শুধুমাত্র ড্রোনের সাহায্যেই গোটা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।

এই বিভাগের আরও সংবাদ