জাতীয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন তিনি।

এর মধ্য দিয়ে ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি করপোরেশন যাত্রা করল।

বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে গেলেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।

এই বিভাগের আরও সংবাদ