সংসদের ‘ঘোলা পানি’ পান করে চিফ হুইপের পেট খারাপ


জাতীয় সংসদ ভবন এলাকায় ‘ঘোলা পানি’ পান করে নিজের পেট খারাপ হয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আজ সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন চিফ হুইপ।
চিফ হুইপ বলেন, ‘পানির সমস্যা বেশি। আমরা গত দুই-তিন দিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলব। এখানে ১ কোটি লিটার পানির দরকার কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট।’
আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চায় তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।’
সংসদের হাসপাতালের বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন, লাশবাহী ফ্রিজিং গাড়ি চায়।’
চিফ হুইপ বলেন, ‘আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু বিদ্যমান সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।’



