জামালপুর

পোগলদিঘা ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ এর চাল বিতরণ

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীমের দিকনির্দেশনায় রোববার (১৫ মার্চ) সকালে পোগলদিঘা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজারো দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষ অংশ নেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৬ হাজার ৭৩৫টি কার্ডধারী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম ঘিরে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। ঈদের আগে সরকারের এই সহায়তা পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

চাল নিতে আসা এক বৃদ্ধা বলেন, “ঈদের সময় আমাদের মতো গরিব মানুষের কথা কেউ খুব একটা ভাবে না। আজ এই চাল পেয়ে মনে হচ্ছে ঈদের দিনে সন্তানদের জন্য অন্তত কিছু রান্না করতে পারবো।”

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, পোগলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া। এছাড়াও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে এই সহায়তা তাদের মুখে হাসি ফোটায় এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এই বিভাগের আরও সংবাদ