জাতীয়শীর্ষ নিউজ

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, কঠোর নিরাপত্তা চাদরে রাজধানী

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পুরো রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা চাদরে রাজধানী ঢাকা। নগরজুড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পৃথক স্থানে টহল দিতে দেখা গেছে যৌথ বাহিনীকে। পুরো নগরীজুড়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে । নগরীর বিভিন্ন সড়ক মহাসড়কে সেনাবাহিনী, বিজিবি, এপিসি, র‍্যাব- (এসআইএফ), ও পুলিশের টহল দিতে দেখা যায়।

ব্যস্ত রাজধানী এখন অনেকটাই নিয়ন্ত্রিত, অনেক বেশি সতর্ক। প্রতিটি সড়কেই চোখে পড়ছে নিরাপত্তার কড়া নজরদারি। ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর সংশ্লিষ্ট একাধিক সূত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য সূত্রের।

জানা যায়, এদিকে নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী কালীন সরকার কর্তৃক সাধারণ ও সাপ্তাহিক মিলে চার দিনের ছুটি পাওয়ায় রাজধানী ছেড়েছে লাখ লাখ সাধারণ মানুষ । তাদের মধ্যে কেউ বাড়ি যাচ্ছেন ভোট দিতে, আবার কেউ যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে মানুষের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনের চিত্র ছিল ভিন্ন; কামরায় জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চড়ে মানুষকে ঘরে ফিরতে দেখা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক এবং রাস্তায় এখন তেমন যানবাহন নেই বললেই চলে। কিছুটা ভোগান্তি তৈরি হলেও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নগরবাসীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে যৌথবাহিনী।

ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। আজ বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি। সন্দেহভাজন মনে হলেই গাড়ি তল্লাশির পাশাপাশি চলাচলের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যরা ।

ভোটারদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর উত্তরা, ফার্মগেইট, মহাখালী, রামপুরা, শ্যামলী, মিরপুর, গুলশান, ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এদিকে একটি সূত্র বলছে, ভোটের মাঠে অবৈধ অস্ত্রের অবাধ ছড়াছড়ি রয়েছে। ভোটের আগেই অবৈধ অস্ত্রের ঝনঝনানি, আতঙ্ক বাড়ছে জনমনে। অনেক এলাকায় ভোটার ও প্রার্থীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেকটাই জোরদার করা হয়েছে এবং একটি কঠোর ও সমন্বিত নিরাপত্তা বলয় নগরীজুড়ে গড়ে তোলা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যগুলো বলছে, সম্প্রতি সময় রাজধানীতে ঘটছে একের পর এক টার্গেট কিলিং; আর এসব হত্যাকাণ্ডে ব্যবহার করা হচ্ছে ভাড়াটে কিলার কিংবা খুনিদের। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় ভাড়াটে খুনিদের আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকা। কেউ কেউ বলছে, দেশে নির্বাচন নাকি আতঙ্ক? রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে অবৈধ মারণাস্ত্র। একই সাথে বাড়ছে বিদেশি অস্ত্রের ব্যবহারও।

সম্প্রতি সময়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে বিশেষ করে গত ১১ ডিসেম্বর, ২০২৫ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর সংসদীয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এরআগে গত ২৫ মে রাজধানী বাড্ডার গোদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করা হয়।

১৭ নভেম্বর পল্লবীর থানা এলাকায় খুন হনযুবদল নেতা গোলাম কিবরিয়া। ০৭ জানুয়ারি পশ্চিম তেঁজতুরি বাজারে খুন হন বিএনপি নেতা মোসাব্বির। ভাড়াটিয়া খুনিরা একই স্টাইলে বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এসব খুনের ঘটনা ঘটিয়ে বলে ধারনা আইনশৃঙ্খলা বাহিনীর।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন সাংবাদিকদের বলেন, লুণ্ঠিত অস্ত্র এ পর্যন্ত প্রায় শতকরা ৮০ ভাগের মতো উদ্ধার হয়েছে। পুলিশ, র‍্যাব- (এসআইএফ), বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছে। রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং শেষ মুহূর্তে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী।

এদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান আজ বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হয়েছে। প্রায় সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া ড্রোন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। মোড়ে মোড়ে রোবাস্ট ও ফুট পেট্রোলিং চলছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটকানো হচ্ছে। বিশেষ রোবাস্ট ও ফুট পেট্রোলিং চলছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ বুধবার এক মতবিনিময় সভার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে।

এই বিভাগের আরও সংবাদ