খুলনা

খুলনায় ৬ আসনের দুই-তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিতে, বাড়তি নিরাপত্তা ও নজরদারি

খুলনা ব্যুরো : খুলনার ছয়টি সংসদীয় আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তপসিল ঘোষণার আগেই মাঠপর্যায়ে জরিপ চালিয়ে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোটের আগের দিন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরাও থাকবে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে খুলনা-৬ আসনে—মোট কেন্দ্রের ৮৩ দশমিক ২২ শতাংশ। তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ খুলনা-৩ আসন, যেখানে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৭টি ঝুঁকিতে (৪৯ দশমিক ৬৭ শতাংশ)।

আসনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, খুলনা-১ আসনে ১১৫টির মধ্যে ৭৬টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১০৫টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ৮৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

মহানগর এলাকায় নূরনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা কলেজিয়েট স্কুল, কেটিএম হাই স্কুল, সিটি গার্লস স্কুল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ ও ১৩ জন আনসার দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি মোবাইল পেট্রোলিং, স্ট্রাইকিং রিজার্ভ ও সমন্বিত বাহিনী প্রস্তুত থাকবে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ প্রায় ৩০০ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, যা সরাসরি পুলিশ সদর দপ্তর থেকে মনিটরিং করা হবে। নিরাপত্তায় সহায়তায় মাঠে থাকবেন প্রায় ১২০০ সেনাসদস্যও।

এই বিভাগের আরও সংবাদ