শেরপুর

শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর গুজব, লাইভে এসে নিজেই নাকচ

আরফান আলী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলায় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম নিহত হয়েছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন স্বয়ং সাইফুল ইসলাম।

সম্প্রতি একটি লাইভ ভিডিওতে এসে তিনি স্পষ্টভাবে বলেন, তাকে নিহত দাবি করা হলেও তিনি জীবিত আছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার বসানোকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত শতাধিক কর্মী-সমর্থক আহত হন বলে জানা গেছে।

পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই একাধিক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ