কুষ্টিয়া

কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকীর প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়াকালে জেলা জামায়াতে আমিরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য(এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ শহরের ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আবুল হাশেম কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন।

এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

এছাড়া, ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না। এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ