শীর্ষ নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১০ দালালসহ ২৭৩ জন আটক

কক্সবাজারে টেকনাফ সেন্টমার্টিন সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম।

বাংলাদেশ নৌবাহিনী বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জানুয়ারি রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। নৌবাহিনীর জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে পালানোর চেষ্টা করে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে থাকা ২৭৩ জন যাত্রী ও দালালচক্রের ১০ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। তবে বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো।

আটককৃত বোট ও সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে আমি অবগত রয়েছি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ