রাজনীতি

দেশে এসেছে পোষা বিড়াল জেবুও, চালু হলো অফিসিয়াল ফেসবুক পেজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’ও। এই সেই বিখ্যাত লোমশ বিড়াল, যার ছবি নেট দুনিয়ায় ভাইরাল।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জেবু মূলত ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা সাইবেরিয়ান বিড়াল। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

বিড়ালটির আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় বিশেষ প্রস্তুতি। জেবুর স্বাস্থ্যপরীক্ষার জন্য বিমানবন্দরে অপেক্ষয় ছিলেন প্রাণী চিকিৎসকদের একটি বিশেষ দল। আসার পর তারা স্বাস্থ্যপরীক্ষা করেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জেবু’ নামের একটি ফেসবুক পেজ, যা ইতিমধ্যেই অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে। পোষা বিড়াল জেবুর নামে খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।

জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’

এই বিভাগের আরও সংবাদ